চাকরি ও ব্যবসার প্রলোভনে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ, কোচবিহারের বাসিন্দা গ্রেপ্তার

whatsapp image 2026 08 27 at 3.51.21 pm

ময়নাগুড়ি, ২৫ আগস্ট: চাকরি দেওয়ার নাম করে, বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের প্রলোভন দেখিয়ে এবং ফ্ল্যাট তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ময়নাগুড়ির প্রায় ২৫ জন মহিলা ও পুরুষের কাছ থেকে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে কোচবিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করেছে ময়নাগুড়ি থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রমণী সরকার। তাঁর বাড়ি কোচবিহারের শিলকুড়ি এলাকায়। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় একাধিক অভিযোগ জমা পড়েছে। সোমবার পুন্ডিবাড়ি বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
অভিযোগকারীদের দাবি, কেউ আড়াই লক্ষ টাকা, কেউ দেড় লক্ষ টাকা, আবার কেউ তিন লক্ষ টাকা পর্যন্ত দিয়েছেন। এমনকি কয়েকজনের কাছ থেকে সোনা এবং বাড়ির দলিল নেওয়ারও অভিযোগ উঠেছে। ওই দলিল দেখিয়ে বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে টাকা আত্মসাতের অভিযোগও করেছেন কয়েকজন।
অভিযোগ, ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা, শালতলী, ভোটপট্টি, ভালাসন-সহ বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে নিজের জালে ফাঁসাতেন ওই ব্যক্তি। জলপেশ নম্বর এলাকায় একটি ঝাঁ-চকচকে অফিসও তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। সেখান থেকেই বিভিন্ন ব্যবসা এবং চাকরির নামে মানুষের সঙ্গে যোগাযোগ করা হত বলে অভিযোগকারীদের দাবি।
অভিযোগকারীদের আরও দাবি, রমণী সরকার নিজেকে কেন্দ্রীয় সরকারের একজন আধিকারিক হিসেবে পরিচয় দিতেন এবং অনেককে পরিচয়পত্রও দিয়েছিলেন। পাশাপাশি গাছের চারা ও প্ল্যান্টেশন ব্যবসার কথা বলেও গ্রামের বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত মানুষদেরও বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ।
মঙ্গলবার ময়নাগুড়ি থানায় এসে একাধিক মহিলা ও পুরুষ লিখিত অভিযোগ জানান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হলেও টাকা ফেরত দেওয়া হয়নি।
এদিন ধৃত রমণী সরকারকে জলপাইগুড়ি আদালতে পেশ করে ময়নাগুড়ি থানার পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top